শ্রীপুর প্রতিনিধি | কয়রার খবর
গাজীপুরের শ্রীপুরে আশ্রয় এবং আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে সোহরাব হোসেন নামের এক পানদোকানির বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে। পরবর্তীতে স্থানীয়দের কাছে বিচার না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সন্তানদের নিয়ে বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী ওই নারী।
জানা গেছে, শ্রীপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই নারীর স্বামী ছেড়ে চলে যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। কয়েক মাসের বাসা ভাড়া বাকি থাকায় মঙ্গলবার রাতে গৃহমালিক তাঁকে ঘর থেকে বের করে দিলে তিনি দুই সন্তানকে নিয়ে মাওনা চৌরাস্তার উড়াল সড়কের নিচে অবস্থান নেন। এ সময় অভিযুক্ত পানদোকানি সোহরাব তাঁকে আশ্রয় ও টাকা দেওয়ার কথা বলে চৌরাস্তার পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী নারী কয়রার খবর কে বলেন, "সাড়ে তিন বছর বয়সী ছেলেডা আমার সব বোঝে। তারে আমার বুক থেইককা কাইড়া নিয়া আমার সঙ্গে খারাপ কাজ করছে। আমি কানছি; কিন্তু আমারে ছাড়ে নাই।"
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, ধর্ষণের শিকার হওয়ার পর ভুক্তভোগী নারী স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিচার চাইলে তাঁরা বিচার না করে তাঁর হাতে ৫০০ টাকা গুঁজে দিয়ে বিদায় করার চেষ্টা করেন। কোনো উপায় না পেয়ে সন্তানদের নিয়ে মাওনা চৌরাস্তায় বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। তখন স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী পানের আড়তে নিয়ে যান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম কয়রার খবর কে জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সোহরাব হোসেন নেত্রকোনা জেলার বাসিন্দা এবং ঘটনার পর থেকে পলাতক রয়েছেন, তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া স্থানীয়দের সহায়তায় আটক হওয়া দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
