প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগের ভুয়া প্রভাব দেখিয়ে মতিয়ার রহমান এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে স্থানীয়দের দাবি। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে চরম দুর্ব্যবহার এবং টাকা ছাড়া কোনো কাজ না করার অসংখ্য অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি প্রভাব খাটিয়ে এলাকার হতদরিদ্রদের ভাতার টাকা কৌশলে নিজের ও স্বজনদের মোবাইল সিমে তুলে নেওয়ার মতো জালিয়াতিও তিনি করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এসব বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ ও লিখিত অভিযোগ থাকলেও অজানা কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
দফাদার মতিয়ারের এই বেপরোয়া আচরণে অতিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাও। কয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান জানান, মতিয়ারকে সংযত হয়ে চলাফেরা করতে বলায় তিনি উল্টো চেয়ারম্যানের ওপর চড়াও হন এবং মারধর করতে যান। এর আগে পরিষদে কাজ করা চৌকিদার তাপস মণ্ডলকে বেধড়ক মারধরসহ দেশ ছেড়ে ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেন এই দফাদার।
মতিয়ারের অপকর্ম ও প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে দাপট দেখানোর বিষয়টি বন্ধ করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানসহ ১২ জন সদস্য একযোগে রেজুলেশন পাস করেন। দফাদারকে চাকরি থেকে বরখাস্ত ও শাস্তির দাবিতে সেই রেজুলেশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে মতিয়ার রহমানের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক মিনহাজ উদ্দীন দীপুকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তিনি। এ ঘটনায় কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ তদন্তে নেমে প্রাথমিক সত্যতা খুঁজে পায়। পুলিশ জানিয়েছে, সাংবাদিককে হুমকির বিষয়ে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সব অভিযোগ ও অপকর্মের বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ বেপরোয়া ভঙ্গিতে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত দফাদার মতিয়ার রহমান। চরম ঔদ্ধত্য দেখিয়ে তিনি বলেন, দফাদারের চাকরি করলেও তিনি শিক্ষিত মানুষ এবং আইন নিয়ে পড়াশোনা করেছেন। ভবিষ্যতে আইনজীবী হবেন উল্লেখ করে তিনি জানান, এ চাকরি চলে গেলেও তাঁর কিছুই আসে যায় না।
