বিশেষ প্রতিবেদক, কয়রা: কয়রা উপজেলার অবহেলিত ও মেহনতি মানুষের চিকিৎসাসেবায় এক নতুন ও ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে কয়রা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। বিগত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালটিতে প্রতি মঙ্গলবার নিয়মিতভাবে পরিচালিত ফ্রি অপারেশন কর্মসূচির সফল ধারাবাহিকতায় আজ পর্যন্ত প্রায় ১২৫টি ফ্রি অপারেশন সম্পন্ন হয়েছে। উপকূলীয় এই জনপদের দরিদ্র ও অসহায় মানুষের জন্য এই চিকিৎসা সেবা এক বিশাল স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
আজ এই বিশেষ মাইলফলক স্পর্শের দিনে হাসপাতালের কার্যক্রম এবং রোগীদের সার্বিক অবস্থা নিজে গিয়ে সরাসরি পরিদর্শন করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এম এ হাসান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, সদ্য অপারেশন হওয়া রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলেন। রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রে তারা কোনো ধরনের সুবিধা বা অসুবিধা অনুভব করছেন কি না, তা অত্যন্ত আন্তরিকতার সাথে শোনেন।
হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিশিষ্ট সমাজসেবক এম এ হাসান বলেন, "আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং নদীর ওপারের অবহেলিত মানুষের জন্য খুলনা শহরে গিয়ে উন্নত চিকিৎসা বা বড় ডাক্তারের ফি দেওয়া অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল ব্যাপার। কিন্তু কয়রা হাসপাতালের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক আলমগীর হোসেন যে মহৎ উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই অনন্য ও প্রশংসনীয়। এখানে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন এবং কম খরচে বিভিন্ন টেস্ট ও সুচিকিৎসার ব্যবস্থা করায় গরিব মানুষের অনেক বড় উপকার হচ্ছে।"
তিনি আরও বলেন, "আজকে হাসপাতালে এসে নিজের চোখে দেখলাম কীভাবে শত শত অসহায় মানুষ বিনা মূল্যে বা স্বল্প খরচে সেবা পাচ্ছেন। এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করার জন্য আমি কয়রা হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিশেষ করে আমার মামা আলমগীর হোসেনকে অশেষ ধন্যবাদ জানাই। আমরা চাই এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকুক, যাতে আমাদের এলাকার কোনো মানুষ চিকিৎসার অভাবে কষ্ট না পায়।"
মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে দেখা গেছে, এই ধারাবাহিক মানবিক কার্যক্রমের ফলে কয়রা থানার একদম প্রত্যন্ত অঞ্চল ও নদীর এপারের দূর-দূরান্ত থেকে রোগীরা দলে দলে ছুটে আসছেন। সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধুই কয়রা হাসপাতালের প্রশংসা। হাসপাতাল কর্তৃপক্ষের এই মানবিক ও সময়োপযোগী পদক্ষেপে পুরো কয়রা অঞ্চলে এক অভূতপূর্ব সাড়া জাগিয়েছে।
