প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
৪ কোটি টাকার ব্রিজে ৪ হাজার টাকার কাজ! মহারাজপুরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী
প্রকাশঃ
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছে। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো সম্পন্ন হয়নি। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালেও কাজ চলমান রয়েছে। তবে নির্মাণকাজের গতি অত্যন্ত ধীর হওয়ায় প্রকল্পটি কবে শেষ হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
কয়রার খবরের অনুসন্ধানে দেখা গেছে, সেতুর ঢালাই কাজে ব্যবহারের জন্য আনা পাথরের মান নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশ্ন রয়েছে। এলাকাবাসীর দাবি, পাথরগুলো অত্যন্ত নিম্নমানের। সামান্য আঘাতেই সেগুলো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এমনকি পানি দিয়ে পরিষ্কার করার সময় পাথরের সঙ্গে প্রচুর পরিমাণে কালো কাদা বের হয়ে আসছে বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, শুধু পাথর নয়, নির্মাণকাজে ব্যবহৃত রড, বালি ও সিমেন্টের মিশ্রণ নিয়েও রয়েছে নানা অভিযোগ। তাদের আশঙ্কা, এ ধরনের নিম্নমানের উপকরণ ব্যবহার করা হলে ভবিষ্যতে সেতুটির স্থায়িত্ব ও নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে মূল সেতুর কাজ চলাকালে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে একটি বিকল্প পথ নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে সেই পথের অবস্থাও বেহাল। ভাঙাচোরা ও ধুলাবালিতে ভরা ওই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
সম্প্রতি এলাকায় কয়রার খবর-এর সংবাদকর্মীদের কাছে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। তারা অভিযোগ করেন, কোটি টাকার সরকারি প্রকল্পে বছরের পর বছর ধরে ধীরগতির কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং নজরদারির অভাবে প্রকল্পটি দুর্নীতি ও অনিয়মের উদাহরণে পরিণত হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত প্রকল্পটির মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করে দ্রুত সেতুর কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সবশেষ খবর সবার আগে পেতে কয়রার খবর-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment