সুন্দরবনের কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র আস্তানায় কোস্ট গার্ডের অভিযান: অস্ত্রসহ আটক ৩, নিহত ১
কয়রা প্রতিনিধি | কয়রার খবর
সুন্দরবনের সাধারণ বনজীবী, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং বনদস্যুদের নির্মূল করার লক্ষ্যে চলমান 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড'-এর আওতায় একটি সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সুন্দরবনের গহীনে কয়রা থানার বনপাড়া সংলগ্ন এলাকায় ডাকাতদের অবস্থানের গোপন সংবাদ পেয়ে গত ২৫ জুন বিকাল ৫টা থেকে টানা ৪৮ ঘণ্টার এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী কোস্ট গার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা এবং স্টেশন নলিয়ানের সদস্যরা ডাকাতদের দুটি বোট শনাক্ত করলে উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। ডাকাতদলের অতর্কিত গুলির জবাবে কোস্ট গার্ডের সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এই সংঘর্ষের এক পর্যায়ে ডাকাতদের একটি বোট ডুবে যায় এবং অপরটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম (৫০) এবং শওকত সরদারকে (৫৫) আটক করা হয়। আটককৃতদের দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শওকত সরদারকে মৃত ঘোষণা করেন। বাহিনী প্রধান রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও, পুলিশের সহায়তায় স্থানীয় জনগণের সহযোগিতায় মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে ইসরাফিল হাওলাদারকে (২৬) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।
কোস্ট গার্ড উদ্ধারকৃত আস্তানায় তল্লাশি চালিয়ে ৬টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্রসহ মোবাইল ও হাতঘড়ি উদ্ধার করেছে। আটককৃত ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া অন্যান্য ডাকাতদের ধরতে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের www.koyrarkhobor.com ভিজিট করুন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment