কয়রা প্রতিনিধি | কয়রার খবর ।
খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলায় চলমান তীব্র বিদ্যুৎ বিভ্রাট নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বর্তমান পরিস্থিতিতে জনজীবনে নেমে আসা চরম দুর্ভোগের বিষয়টি তিনি মন্ত্রীর সামনে তুলে ধরেন।
এ প্রসঙ্গে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ জানান, জাতীয় গ্রিডে উদ্ভূত কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে সারা দেশেই বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। তিনি মন্ত্রীকে এলাকার বিদ্যুৎ পরিস্থিতির অবনতির কথা জানালে মন্ত্রী সাময়িক এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, দীর্ঘ সময় ধরে এই দুই উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলছে। তবে সংকট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
তিনি বলেন, পাইকগাছায় একটি নতুন গ্রিড স্থাপনের অনুমোদন পাওয়া গেছে এবং অতি দ্রুত এর নির্মাণ কাজ শুরু হবে। পাশাপাশি কয়রায় একটি সাবস্টেশন স্থাপনের প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে। জনপ্রতিনিধি হিসেবে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন বলেও জানান।
আগামী ২০২৭ সালের মধ্যে কয়রা ও পাইকগাছাবাসীকে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান উপহার দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সাময়িক এই কষ্ট লাঘবে তিনি ধৈর্য ধারণের জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
