কয়রায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দ্রুত বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি
সাইফুল ইসলাম | কয়রা প্রতিনিধি | কয়রার খবর
গণভোটের রায় কার্যকর, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং স্বৈরাচারী আমলের সকল গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ঘোষিত ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে খুলনার কয়রায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আজ শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কয়রা বাজারের জামায়াত মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে মধুর মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ছাত্রশিবিরের শত শত নেতাকর্মী ছাড়াও সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণহত্যার দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা. অয়েসকুরুনী, সাবেক জেলা সভাপতি স ম আব্দুল্লাহ আল মামুন, জিএম মোনায়েম বিল্লাহ ও আবু জার গিফারী। এছাড়া আরও বক্তব্য দেন কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং কয়রা উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা সুজাউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ইয়াছিন সারাফাত।
সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্র-জনতার সুমহান রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য যেকোনো ধরনের চক্রান্ত কঠোর হস্তে দমন করা হবে। গণভোটের ম্যান্ডেট ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও রাজনৈতিক স্থায়িত্ব আনা সম্ভব নয়। তারা অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের মূল হোতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
বক্তারা আরও সতর্ক করে বলেন, ছাত্র-জনতার এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা আবারও জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে বাধ্য হবে। আর তেমন পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলা করা বর্তমান সরকারের জন্য বেশ কঠিন হয়ে পড়বে। সমাবেশ থেকে নেতারা অবিলম্বে গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত কার্যকরের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment