কয়রায় গাঁজা ও ডিজিটাল স্কেলসহ মাদক কারবারি জাহিদুল ও ক্রেতা হাতেনাতে আটক, পুলিশে সোপর্দ
শাহরিয়ার | কয়রা প্রতিনিধি | কয়রার খবর ।
খুলনার কয়রা উপজেলার গোবরা গুচ্ছ গ্রাম এলাকায় মাদকবিরোধী এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় তিন তরুণ। গতকাল বিকেলে খেলাধুলার পাশাপাশি অত্যন্ত সাহসিকতার সাথে গাঁজা ও মাদক বিক্রির সরঞ্জামসহ জাহিদুল নামে এক চিহ্নিত মাদক কারবারি এবং এক ক্রেতাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে তারা।
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, গতকাল বিকেলে আসরের নামাজের পর গোবরা গুচ্ছ গ্রামের খেলার মাঠে স্থানীয় তরুণ শাহরিয়ার নাফিজ, সোয়াইব আলী এবং মোহাম্মদ রাকিবুল ইসলাম খেলাধুলা করছিল। এ সময় মাঠের আশেপাশে অপরিচিত ও সন্দেহভাজন কিছু ব্যক্তির আনাগোনা তাদের দৃষ্টি আকর্ষণ করে। তরুণদের মনে সন্দেহ দেখা দিলে তারা অত্যন্ত চতুরতার সাথে ওই ব্যক্তিদের ওপর নজরদারি শুরু করে এবং তাদের পিছু নেয়।
একপর্যায়ে মাদক কেনাবেচা এবং অর্থ লেনদেনের উপযুক্ত মুহূর্তে শাহরিয়ার নাফিজ, সোয়াইব আলী ও মোহাম্মদ রাকিবুল অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে মাদক বিক্রেতা জাহিদুল ও ক্রেতা উভয়কে হাতেনাতে অবরুদ্ধ করে ফেলে। আটকের পর অপরাধীরা ছাড়া পাওয়ার জন্য নানামুখী আকুতি-মিনতি ও স্থানীয় প্রভাবের হুমকি প্রদান করতে থাকেন। এক পর্যায়ে তাদের মুখ থেকে একটা কথা বের হয় তাদের বাড়ি হচ্ছে কয়রা বাজারে। এখানে তারা স্থানীয় পাওয়ার দেখিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে । চেষ্টা করলেও ওই তরুণরা আইনের প্রতি সম্মান রেখে তাদের আটকে রাখে এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।
সংবাদ পেয়ে কয়রা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় যুবকদের হেফাজত থেকে আসামিদের গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করে। পরবর্তীতে পুলিশের প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই মাদক ক্রেতার বাড়িতে এক ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ক্রেতার বাড়ি থেকে মাদক পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওজনের যন্ত্রসহ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট আরও কিছু আলামত ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
যুবসমাজের এমন দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা জানান, যুবসমাজ এভাবে এগিয়ে এলে সমাজ থেকে দ্রুত মাদক নির্মূল করা সম্ভব। তারা আটককৃতদের কঠোর শাস্তির দাবি জানান। কয়রা থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment