নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে গাজী নজরুল ইসলাম বহিষ্কৃত
নিজস্ব প্রতিনিধি | কয়রার খবর (KK)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন প্রচারমাধ্যমে তাঁর বিষয়ে প্রচারিত খবরের পরিপ্রেক্ষিতে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। উক্ত তদন্তে তাঁর নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংগঠনটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুসরণ করে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
২২ জুলাই (বুধবার) বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদিত হয় এবং এই পদক্ষেপের কথা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। "কয়রার খবর"-এর অনুসন্ধানে দেখা গেছে, সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও গণমাধ্যমে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment