শিরোনাম ::
লোড হচ্ছে...

ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর মিশরে উদ্ধার ২৯ বাংলাদেশি, নিখোঁজ ৯


 ডেস্ক রিপোর্ট | কয়রার খবর

কয়রা: লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ভূমধ্যসাগরে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন ২৯ জন বাংলাদেশি নাগরিক। গ্রিসগামী একটি অভিবাসীবাহী নৌকার ইঞ্জিন বিকল হয়ে প্রায় ১০ দিন সাগরে ভাসমান থাকার পর এটি মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছায়। সেখান থেকে মিশরীয় আইনশৃঙ্খলা বাহিনী অসুস্থ ও অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, যাত্রাপথে অতিরিক্ত দুর্ভোগ ও খাবারের অভাবে নৌকায় থাকা আরও অন্তত নয়জন বাংলাদেশি নাগরিক সাগরে মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে তাদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয় বলে উদ্ধার পাওয়া সুনামগঞ্জের অধিবাসী আব্দুল করিম নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ৩ আগস্ট মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে লিবিয়ার তবুক এলাকা থেকে একটি কাঠের নৌকায় করে গ্রিসের উদ্দেশ্যে রওনা হন তারা। মাঝপথে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ১০ দিন সাগরে ভাসতে থাকে। অবশেষে ১৩ আগস্ট এটি মিশরের উপকূলে পৌঁছালে স্থানীয় প্রশাসন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে উদ্ধার হওয়াদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে স্থানীয় পুলিশ হেফাজতে একটি অস্থায়ী কারাগারে রয়েছেন। অন্য দুজন এখনও মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আটক ২৭ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের মধ্যে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ ও ভৈরবের অধিবাসী রয়েছেন।

মিশরে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জাকির হোসেন কয়রার খবর-কে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের অষ্টগ্রামের মেহেদি হাসান নামের এক যুবক মারা গেছেন। পরবর্তীতে ১৬ আগস্ট একই উপকূল থেকে আরও এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে এই দুই মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি কয়রার খবর-কে আরও বলেন, জীবিতদের সাক্ষাৎকার গ্রহণ এবং আইনি প্রক্রিয়া শেষ করে সুস্থ ব্যক্তিদের দ্রুত দেশে ফেরত পাঠানো এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া উদ্ধারকৃত নৌকা থেকে উদ্ধার হওয়া দুটি জাতীয় পরিচয়পত্র ও তিনটি পাসপোর্টের তথ্যের ভিত্তিতে অন্যান্যদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×