কয়রা প্রতিনিধি | কয়রার খবর
খুলনার কয়রায় ধান রোপণের সময় বজ্রপাতে হারুন সানা (৩৭) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার আমাদী গ্রামের একটি বিলে এই ঘটনা ঘটে।
নিহত হারুন সানা আমাদী গ্রামের বারিক সানার ছেলে।
কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, শনিবার বিকেলে আমাদী বিলের মৃত আজিজ সানার জমিতে সাতজন দিনমজুর মিলে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ তীব্র বজ্রপাত হলে হারুন সানা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য কয়রার খবর-কে জানান, "স্থানীয় বাসিন্দারা বজ্রপাতে আহত হারুন সানাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তবে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।"
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
