কয়রা প্রতিনিধি | কয়রার খবর
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন খুলনার কয়রার শ্রীরামপুর অন্তবুনিয়া বেকার মোড় এলাকার একদল সচেতন যুবক। মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ার প্রত্যয়ে তারা এলাকার সকল তরুণকে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, তরুণ সমাজকে ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে স্থানীয় যুবকদের এই সামাজিক প্রচেষ্টা এলাকায় ব্যাপক প্রশংসিত ও ইতিবাচক সাড়া ফেলেছে। তরুণদের ভাষ্য, মাদকের কড়াল গ্রাস একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও অন্যান্য ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত খেলার মাঠে সময় কাটালে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি অপরাধপ্রবণতা থেকেও দূরে রাখা সম্ভব হবে।
‘মাদককে না বলি, খেলাধুলায় এগিয়ে আসি’— এই মূলমন্ত্রকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন বেকার মোড়ের তরুণেরা। এলাকার কোনো তরুণ যেন ভুল পথে গিয়ে মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে জন্য পরিবার, সমাজের প্রবীণ ব্যক্তিবর্গ ও তরুণদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। স্থানীয় প্রবীণরা কয়রার খবর কে জানান, তরুণদের এই শুভ বুদ্ধির উদয় এবং সামাজিক সচেতনতা এলাকার যুবসমাজকে এক সূত্রে গ্যাঁথবে।
তরুণদের এই চমৎকার উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছেন মারুফ বিল্লাহ, সোহেল রানা, এস এম মিয়াজ, কবির, মাহমুদুল হাসান, মাসুদ রানা, রনি, আশরাফুল, রাশেদ রানা, এস আর আরব, বি এম ইমরান, আবু রায়হান, বি এম হাসান, জনি, এস এম আবদুল্লাহ, আনারুল, সজীব, বি এম বাবু, মামুন, শেখ সেলিম, মো. আসাফুর, নূর ইসলাম, মাজিদ, নাঈম, এ বি লতিফ স্যার ও আবু বক্কর।
উদ্যোক্তা তরুণদের প্রত্যাশা, স্থানীয়ভাবে নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলে এলাকার যুবসমাজ আরও বেশি সচেতন ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহিত হবে। আর এর মধ্য দিয়েই এলাকায় একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
