শিরোনাম ::
লোড হচ্ছে...

অবকাঠামোগত সংকট কাটিয়ে সেবায় ইতিবাচক পরিবর্তন: ভরসা ফিরছে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে


 তারিক লিটু | কয়রা প্রতিনিধি | কয়রার খবর

জনবল সংকট আর নানা অবকাঠামোগত সীমাবদ্ধতাকে পেছনে ফেলে সেবার মানে ইতিবাচক পরিবর্তনের ধারায় ফিরেছে খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি)। নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন না থাকলেও বিকল্প ব্যবস্থায় পার্শ্ববর্তী উপজেলা থেকে চিকিৎসক এনে নির্দিষ্ট দিনে সিজারিয়ান সেকশনসহ প্রয়োজনীয় বিভিন্ন অস্ত্রোপচার করা হচ্ছে। ফলে এই উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষকে চিকিৎসার জন্য আর দূর-দূরান্তে ছুটতে হচ্ছে না, যার প্রভাবে দিন দিন বাড়ছে রোগীদের আস্থা।

৫০ শয্যার এই হাসপাতালে প্রায় তিন লাখ মানুষের চিকিৎসা সেবার সুযোগ রয়েছে। তবে ৪২টি অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে কর্মরত মাত্র ১৫ জন, যার মধ্যে ডেপুটেশন ও ছুটি মিলিয়ে নিয়মিত সেবা দিচ্ছেন ১২ জন চিকিৎসক। নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য জনবলও চাহিদার তুলনায় বেশ অপ্রতুল।

কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, সীমাবদ্ধতার ভেতরেও সেবার পরিধি বাড়াতে নতুন বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. রেজাউল করিম দায়িত্ব গ্রহণের পর পর্যায়ক্রমে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেন। বর্তমানে বহির্বিভাগে প্রতিদিন ৩০০ থেকে ৩ ৩৫ জন এবং আন্তঃবিভাগে ৩৫ থেকে ৫০ জন রোগী স্বাস্থ্যসেবা নিচ্ছেন, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। হাসপাতালে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের সেবায় অসংক্রামক রোগ (এনসিডি) কর্নারসহ চালু করা হয়েছে ব্রেস্টফিডিং কর্নার, কিডস কর্নার এবং বহির্বিভাগে আয়ুর্বেদিক সেবা। রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহও নিশ্চিত করা হচ্ছে।

জরুরি ও আন্তঃবিভাগে সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব এড়াতে জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও নার্স ডিউটি রুমে আইপিএস বসানো হয়েছে। সেই সাথে হাসপাতালে আগত নারীদের জন্য পৃথক নামাজের স্থান, প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা, মসজিদ, পার্কিং শেড ও পাবলিক টয়লেট ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। চিকিৎসা শনাক্তকরণে ইসিজি, ডায়াবেটিস পরীক্ষার স্ট্রিপ, প্রেগনেন্সি কিট, কার্ডিয়াক ট্রপোনিন-আই ডিভাইস, ডেঙ্গু পরীক্ষার কিট ও ফিটাল ডপলার মেশিন প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সাপে কাটা রোগীদের চিকিৎসায় অ্যান্টিভেনম ও অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন মজুত রাখা হয়েছে এবং দরিদ্র রোগীদের জন্য সমাজসেবা দপ্তরের মাধ্যমে চিকিৎসাসামগ্রী বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

অবশ্য হাসপাতালটির প্রধান ভবনের নির্মাণকাজ চলমান থাকায় এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও প্যাথলজি সেবা বর্তমানে কিছুটা ব্যাহত হচ্ছে। মূল বাধা হিসেবে রয়ে গেছে তীব্র জনবল সংকট, যা কর্মরত চিকিৎসকদের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি করছে। এছাড়া কয়রা উপজেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই হাসপাতালে প্রত্যন্ত ভৌগোলিক পরিবেশ ও উন্নত আবাসনের অভাবে চিকিৎসকদের অবস্থান দীর্ঘমেয়াদী করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

উত্তর বেদকাশী থেকে আসা রোগী মারুফা খাতুন কয়রার খবর কে জানান, আগে এখানে এসে দীর্ঘ সময় চিকিৎসকের জন্য অপেক্ষা করতে হতো, তবে এখন দ্রুত চিকিৎসক মিলছে এবং বিনামূল্যের ওষুধও পাওয়া যাচ্ছে।

আরেক চিকিৎসা প্রার্থী খলিলুর রহমান গাজী বলেন, তিন দিন ধরে তাঁর মা হাসপাতালে ভর্তি আছেন। নিয়মিত চিকিৎসক ও নার্সরা তাঁর তদারকি করছেন। বিগত দুই বছরের তুলনায় এখানকার সার্বিক পরিবেশে বেশ দৃশ্যমান উন্নয়ন এসেছে।

গোবরা গ্রামের মোস্তাফিজুর রহমান বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসার পর থেকে সেবার পরিবেশ সুন্দর হয়েছে এবং পর্যাপ্ত লোকবল না থাকলেও কর্মরত চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা দিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম তিনি কয়রার খবর - কে বলেন, চিকিৎসাসেবার মান বৃদ্ধি নিশ্চিত করতে ইতোমধ্যেই অনেকগুলো পদক্ষেপ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তবে এই উপকূলের বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে খালি থাকা পদগুলোতে দ্রুত চিকিৎসক নিয়োগ করা আবশ্যক। চলমান নির্মাণকাজ শেষ হলে সেবার মান আরও প্রসারিত হবে।

সুন্দরবন ইকো-রিজিলিয়েন্স ইনিশিয়েটিভের সমন্বয়ক মো. হাফিজুর রহমান বলেন, এই অঞ্চলে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার অন্যতম ভরসাস্থল কয়রা স্বাস্থ্য কমপ্লেক্স। অবকাঠামো ও জনবল সংকট কাটিয়ে ওঠা সম্ভব হলে চলমান উদ্যোগগুলোর সুবিধা সকলে পাবে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×