কয়রা প্রতিনিধি | কয়রার খবর (KK)
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা হলেন— উপজেলার ঘুঘরাকাঠী এলাকার সোনালী আক্তার (২০), কালিকাপুর গ্রামের শাহিনা আক্তার (২২), খেওয়া গ্রামের ইকবাল হোসেন (৩৫), তালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) ও বামিয়ার রিয়াজ মোল্লা (২৩)।
হাসপাতালের তথ্য অনুযায়ী, এসব রোগীর ডেঙ্গু শনাক্ত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এদিকে কয়রায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব এড়াতে বাসিন্দাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম কয়রার খবর-কে জানান, "আক্রান্ত রোগীরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।"
তিনি আরও বলেন, "শরীরে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং বাড়ির আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।"
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
