কয়রা (খুলনা) প্রতিনিধি | কয়রার খবর
খুলনার কয়রায় উপকারভোগীদের সাথে স্থানীয় অংশীজনদের সংযোগ ও পারস্পরিক সমন্বয় জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কারিতাস বাংলাদেশ ও অ্যাকসেস বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে সিবিএম গ্লোবাল।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এবং প্রকল্পের ফিল্ড অফিসার হাসিবুল ইসলাম টুটুলের পরিচালনায় উক্ত সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রতিবন্ধী উদ্যোক্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা উল্লেখ করেন, সরকারি ও বেসরকারি সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের মাঝে সুসমন্বয় থাকলে উপকারভোগীদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া সহজতর হবে। বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠী ও প্রান্তিক সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে নিবিড় যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, উপকারভোগীদের চাহিদা ও দক্ষতা অনুযায়ী যদি কৃষি, কর্মসংস্থান ও আয়বর্ধক কাজে যুক্ত করা যায়, তবে তারা দ্রুত স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো. ফিরোজ আল মামুন বলেন, কেবল সাময়িক সাহায্য প্রদান নয়, বরং উপকারভোগীদের দীর্ঘমেয়াদে নিজেদের সক্ষমতা অর্জনে সহায়তা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় অংশীজনদের সাথে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করা আবশ্যক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য বিভূতি ভূষণ রায় ও আ. মান্নান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সান্তুনু অধিকারী, প্রকল্পের লাইভলিহুড কর্মকর্তা মো. আবুল কাশেম, ডিআইও জনন পাল চৌধুরী, সহকর্মী রোমিও বিশ্বাস, এনজিও প্রতিনিধি তানিয়া সুলতানা, অ্যাপেক্স বডির সভাপতি শরিফুল ইসলাম মিল্টন এবং প্রতিবন্ধী উদ্যোক্তা ওহিদুজ্জামান, আরাফাত হোসেন ও ইসমাইল হোসেন।
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, এ জাতীয় নিয়মিত সমন্বয় সভা স্থানীয় সুবিধাবঞ্চিতদের সরকারি সেবা প্রাপ্তিতে বিশেষ ভূমিকা রাখছে। অনুষ্ঠান শেষে স্থানীয় এক প্রতিনিধি কয়রার খবর কে জানান, প্রান্তিক জনগণের বিভিন্ন সমস্যা, কর্মসংস্থান ও জীবিকা অর্জনের সম্ভাবনাগুলো বাস্তবায়নে ভবিষ্যতে অংশীজনদের মধ্যে এই মেলবন্ধন আরও শক্তিশালী করা হবে।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
