কয়রা প্রতিনিধি | কয়রার খবর
কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের ভান্ডারপোল বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২০ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার পর বাজারে অবস্থিত 'ভাই বোন ট্রেডার্স' নামের একটি কীটনাশকের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে দোকানে থাকা বিপুল পরিমাণ কীটনাশকসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. কবিরুল ইসলামের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের পর সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যবসা প্রতিষ্ঠানটির একাংশ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এবং ভেতরের মালামালের প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে।
কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, রাতের আঁধারে হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পূর্বশত্রুতার জের ধরে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ব্যবসায়ী কবিরুল ইসলাম কয়রার খবর-কে বলেন, ‘আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। কে বা কারা, কীভাবে আগুন ধরিয়ে দিল—আমি তা বুঝতে পারছি না। আগুনে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে, এতে আমি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছি।’
ঘটনার পরদিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর ব্যবসায়ী কবিরুল ইসলাম বাদী হয়ে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল আলম কয়রার খবর-কে জানান, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে মালামাল পুড়ে যাওয়ার খবর তাঁরা পেয়েছেন এবং এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সুষ্ঠু তদন্তের মাধ্যমেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা বের হয়ে আসবে।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
