কয়রা প্রতিনিধি | কয়রার খবর
কয়রা (খুলনা): খুলনার কয়রায় বিএনপি নেতার দায়ের করা নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মজিদ গাজী (৬৪), মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল হামীদ গাজী (৬৫) এবং সুনীল কুমার বৈরাগী (৫৯)।
পুলিশ সূত্রের তথ্যমতে, গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সহিদ হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করে এই নাশকতার মামলাটি করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত মঙ্গলবার রাতে কয়রা উপজেলার পল্লী বিদ্যুৎ সাবস্টেশন দখল করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চাঁদআলী ব্রিজ এলাকায় সমবেত হন। সংবাদ পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পল্লী বিদ্যুতের সাবস্টেশন ধ্বংস করে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি এবং শেখ হাসিনার আগামী ডিসেম্বরের কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, এ মামলায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে এবং জড়িত অন্য আসামিদের ধরতেও তল্লাশি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম কয়রার খবর-কে বলেন, "কয়রায় বিএনপি নেতার দায়ের করা নাশকতার মামলায় গতরাতে আরও তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে উক্ত মামলায় মোট ৬ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হলো।"
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
