খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ নির্মাণের মেগা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে 'কয়রার খবর'-এর নাম ভাঙিয়ে একটি অসাধু চক্র বিপুল পরিমাণ অর্থ চাঁদা দাবি করছে বলে জানা গেছে।
সূত্র জানায়, MRZ ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামের কাছে সম্প্রতি প্রকাশিত বালু সংক্রান্ত সংবাদের সূত্র ধরে এবং পরবর্তীতে নতুন কোনো সংবাদ প্রকাশ না করার প্রতিশ্রুতি দিয়ে এক বা একাধিক ব্যক্তি কয়েক লক্ষ টাকা (দেড় লক্ষ টাকা) চাঁদা দাবি করে।
এ বিষয়ে 'কয়রার খবর' কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা স্পষ্ট জানান, উক্ত চাঁদা দাবি বা অপপ্রচারের সাথে 'কয়রার খবর'-এর কোনো দূরতম সম্পর্ক নেই। 'কয়রার খবর' একটি সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম। প্রতিষ্ঠানটি কখনো কোনো দুর্নীতি, ঘুষ বা অপসাংবাদিকতার সাথে আপস করে না।
বিশেষ সতর্কবার্তা:
কয়রার খবরের অফিশিয়াল পেজে ডায়াল করার জন্য যে একটি নম্বর দেয়া আছে এবং একটি হোয়াটসঅ্যাপ নম্বর যুক্ত রয়েছে, তা ব্যতীত অন্য কোনো নম্বরের সাথে প্রতিষ্ঠানটির কোনো সম্পর্ক নেই। যেকোনো বিষয়ে তথ্য যাচাই বা যোগাযোগের জন্য সরাসরি ওই ডায়াল নম্বর অথবা অফিশিয়াল নম্বরে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সমস্ত বিষয় বিস্তারিত জেনে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী 'কয়রার খবর'-এর নাম ব্যবহার করে অন্য কোনো নম্বর থেকে ফোন করে, ভয়ভীতি দেখায় কিংবা চাঁদা/ঘুষ দাবি করে, তবে তার জন্য 'কয়রার খবর' কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। এ ধরনের প্রতারণামূলক ফোন বা বার্তা পেলে বিভ্রান্ত না হয়ে সরাসরি অফিশিয়াল ডায়াল বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার জন্য এবং প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
