খুলনা প্রতিনিধি | কয়রার খবর
খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় জড়িত অভিযোগে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)-৬ এবং নগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক ওরফে রুবেল (৩৫) এবং যশোরের অভয়নগরের সিদ্ধিপাশা গ্রামের শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার (২৮)।
এর আগে গত সোমবার দিবাগত মধ্যরাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হাসনাত হাবিব রিফাত (৩০) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করে এসআরবি। রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে এবং কৃষি ব্যাংকের টাউন নওয়াপাড়া শাখার ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় হল রোড সংলগ্ন খাজা হল গেইট এলাকা থেকে তারেক ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই দিন বিকেলে বরিশালের উজিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন প্রতাপ সরকার।
হরিণটানা থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন কয়রার খবর কে জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যবেক্ষণ করছেন।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
