কয়রা প্রতিনিধি | কয়রার খবর
খুলনার কয়রায় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ঝিনুক পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় প্রায় ২০০ কেজি ঝিনুকসহ একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ ও পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমাদি ইউনিয়নের লিয়াকত গাজীর পরিত্যক্ত ইটভাটার দক্ষিণ পাশে কপোতাক্ষ নদীর তীরে যৌথ অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— নড়াইলের পলাশ সরদার (৪৫) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার শৈলমারী এলাকার ট্রাকচালক মিঠু সানা (৩৮)।
কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, পাচারের উদ্দেশ্যে ঝিনুক বোঝাই করে রাখা ওই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ কেজি ঝিনুক উদ্ধার করা হয় এবং পাচারে সম্পৃক্ত থাকার অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সুন্দরবনসংলগ্ন কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর তলদেশ থেকে ড্রেজিং মেশিনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে শামুক-ঝিনুক আহরণ ও পাচার করা হচ্ছে। এতে নদীর প্রাকৃতিক পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন কয়রার খবর-কে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কয়রা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝিনুক বোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করে। জব্দকৃত ট্রাকটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে এবং আদালতের নির্দেশে উদ্ধার করা ঝিনুক শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।"
সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম কয়রার খবর-কে জানান, "এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে ঝিনুক আহরণ, পরিবহন ও পাচার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
