কয়রা প্রতিনিধি | কয়রার খবর
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের পাতাখালী এলাকায় ঘেরে দুর্ধর্ষ চুরির সময় মাছসহ চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করে হাত-পা বেঁধে রেখেছে স্থানীয় জনতা। তবে চক্রের মূল দুই হোতা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, আটককৃত চোরের নাম জলিল। সে খুলনা থেকে শ্বশুরালয়ে এসে এই সংঘবদ্ধ চোর চক্রের সাথে জড়িয়ে পড়ে। এর আগেও সে ও তার সহযোগীরা এলাকাটিতে একাধিক ঘেরের মাছ, মোটর ও অন্যান্য যন্ত্রাংশ চুরির মাধ্যমে দীর্ঘ দিন ধরে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। বিশেষ করে কিবরিয়া মেম্বার ও কমলেশ গায়েনের ঘেরসহ বেশ কয়েকটি স্থানে চুরির ঘটনায় তাদের সরাসরি সম্পৃক্ততা ছিল।
স্থানীয় সূত্র জানায়, পাতাখালী এলাকার ঘের ব্যবসায়ী ইউনুস আলীর ঘের থেকে একসঙ্গেই একাধিক ঘেরের বিপুল পরিমাণ মাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় জলিলকে আটক করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা তাকে রশি দিয়ে হাত-পা বেঁধে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করলে সে নিজের মুখে চুরির সমস্ত ঘটনার সত্যতা ও আগের অপকর্মের দায় স্বীকার করে।
তবে এই চোর চক্রের মূল পরিকল্পনাকারী ও প্রথম কমান্ডার পাতালখালী গ্রামের খোকন মালির ছেলে নূর ইসলাম এবং দ্বিতীয় কমান্ডার আজিবার গাজীর ছেলে হাফিজুল ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
ইউনুস আলী কয়রার খবর-কে জানান, "এই চক্রটি দীর্ঘদিন ধরে আমাদের ঘেরের মাছ ও মোটর চুরি করে এলাকার ব্যবসায়ীদের শান্তিতে থাকতে দিচ্ছে না। হাতেনাতে ধরা পড়ার পর বাকি দুইজন পালিয়ে গেলেও প্রধান অভিযুক্তের কাছ থেকে সকল তথ্য বেরিয়ে এসেছে।"
বর্তমানে আটককৃত জলিলকে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়েছে। অন্যদিকে পলাতক দুই চোর নূর ইসলাম ও হাফিজুলের ছবি ও তথ্য ভিডিওচিত্রের মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদের দেখামাত্র স্থানীয় ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, সংশ্লিষ্ট মেম্বার বা থানায় ধরিয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষের সাহায্য চাওয়া হয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
