কয়রা প্রতিনিধি | কয়রার খবর
কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলার সুন্দরবনায় কাঁকড়া ধরে নৌকায় ঘুমিয়ে থাকা অবস্থায় দুই জেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন বাটলুয়া নদী সংলগ্ন হেতালবুনিয়া খাল এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহত জেলেরা হলেন— কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের ওসমান সরদারের ছেলে তরিকুল ইসলাম (৩২) ও তাহের সরদারের ছেলে শরিফুল ইসলাম (৩০)। তারা উভয়েই কোবাদক ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়েছিলেন।
আহত জেলেদের চাচা আব্দুল গনি সরদার কয়রার খবর কে জানান, সকালে অন্য এক জেলের মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মারাত্মক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি খোকন কয়রার খবর কে বলেন, আহত দুই জেলের অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন। পূর্বশত্রুতার জের ধরে কিংবা সুন্দরবনের সক্রিয় বনদস্যুদের হামলায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হলেও আক্রমণের সঠিক কারণ এখনো অস্পষ্ট।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাসানুজ্জামান কয়রার খবর কে জানান, খবর পেয়ে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
