ঢাকা: স্বৈরাচার ও ‘গুপ্ত’ আবার এক হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, তারা একত্র হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে এবং দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, ইমাম-পুরোহিতদের সম্মানী এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-পুরোহিতদের সম্মানী দেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ উপকৃত হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে খাল খননের কাজ শুরু করেছিলেন। বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান।
দেশে অরাজক পরিস্থিতি তৈরি হলে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ধীরে ধীরে জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করতে চায়।
দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি এবং যারা ‘এক দফা’ দাবির কথা বলছে, তাদের কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। তিনি জানতে চান, তাদের খাল কাটা, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো মানুষের জন্য কোনো কর্মসূচি আছে কি না।
একটি দলের নির্বাচনের আগে ‘বেহেশতের টিকিট’ বিক্রির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বেহেশতের মালিক আল্লাহ—এটি কোনো মানুষের দেওয়ার বিষয় নয়। এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে সংশ্লিষ্টদের মুনাফিকি প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত বাহিনী’ প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর গুপ্ত বাহিনী তাদের ফিরে আসা নিয়ে আপত্তি না থাকার কথা বলেছিল। তার ভাষ্য অনুযায়ী, তারা স্বৈরাচারের সঙ্গে রাজনীতি করত বলেই এমন অবস্থান নিয়েছিল।
বন্যা নিয়ন্ত্রণে ১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্প
এর আগে ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মানুষের দীর্ঘদিনের বন্যা-ভোগান্তি কমাতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মহুরী নদী খনন কার্যক্রমও উদ্বোধন করা হয়।
ফেনীর পরশুরাম ও ফুলগাজীসহ আশপাশের এলাকায় বর্ষা মৌসুমে বন্যা ও জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পানি এবং নদী-খালের নাব্যতা কমে যাওয়ার কারণে পানি দ্রুত নিষ্কাশনে সমস্যা তৈরি হয়। এর প্রভাব পড়ে কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় জনজীবনে।
কৃষক ও পরিবারকে কার্ড, ইমাম-পুরোহিতদের সম্মানী
অনুষ্ঠানে ৭ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড এবং ৫১০ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। এছাড়া ২৩৮ জন ইমাম, পুরোহিত ও সেবায়েতকে সম্মানী ভাতা প্রদান করা হয়।
পরে গুরুতর অসহায় ব্যক্তি ও প্রতিবন্ধীদের মধ্যেও সহায়তার চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কৃষিমন্ত্রী আমীনুর রশিদ, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বক্তব্য দেন।
সবশেষ খবর সবার আগে পেতে কয়রার খবর-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
