অনলাইন ডেস্ক | কয়রার খবর: খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসায় নাকসা যুব লায়ন্স ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৮ দলীয় মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট। অর্ধলক্ষ টাকা মূল্যের আকর্ষণীয় পুরস্কারকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৮টায় ফিতা কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা, সাবেক কৃষক দলের সভাপতি ও আমাদী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ সানা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করার পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি আজহারুল ইসলাম কাজল এবং পরিচালনায় ছিলেন সেক্রেটারি হাসান আল সাহাব। এছাড়া টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর আলম ও কারিমুল গাজী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ মিস্ত্রী। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
জমজমাট এই টুর্নামেন্টে নারায়ণপুর মাছুম ফুটবল একাডেমি, ভান্ডারপোল ফুটবল একাডেমি, নাকসা যুব সংঘ ও গড় আমাদীসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে মোট অর্ধলক্ষ টাকা মূল্যের আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবে। সুন্দর ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
