অনলাইন ডেস্ক:
মাদারীপুরের শিবচর উপজেলায় এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াতে ইসলামীর এক নেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই নেতার নাম তাইজুল ইসলাম; তিনি শিবচর উপজেলার নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বাবার নাম আব্দুর রহমান মিয়াজী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই নেতা এলাকায় পানি পড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে কথিত চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। চিকিৎসাসংক্রান্ত নানা অজুহাতে নারীদের নিজ বাড়িতে ডেকে এনে তিনি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ধরনের অনৈতিক কাজের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় লোকজন তাকে এক নারীর সঙ্গে একটি কক্ষের ভেতরে আপত্তিকর অবস্থায় আটক করেন। ভিডিওটি দ্রুত বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ঘটনার বিষয়ে স্থানীয় এক মাদ্রাসাশিক্ষক ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই ধরনের কর্মকাণ্ড চললেও ভয়ে অনেকে মুখ খুলতেন না। তবে ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত জামায়াত নেতা তাইজুল ইসলাম দাবি করেছেন যে, ভিডিওতে যার সঙ্গে তাকে দেখা গেছে, তিনি মূলত তার স্ত্রী।
এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই ওই জামায়াত নেতা আত্মগোপনে রয়েছেন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
শিবচর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
