বিশেষ প্রতিনিধি, খুলনা:খুলনা জেলা প্রশাসন কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত প্রতিনিধি জানান, ৬টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দুইটি স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডটি ডিসি অফিসের দোতলার আইসিটি কক্ষে ঘটেছিল। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছানোয় বড় ধরনের ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। ওই আইসিটি কক্ষে কী পরিমাণ যন্ত্রপাতি (যেমন: কম্পিউটার, এসি ইত্যাদি) ছিল এবং নির্দিষ্ট কতটুকু ক্ষতি হয়েছে, তা বিস্তারিত হিসাবের পর বলা সম্ভব হবে।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত জানিয়েছেন, অগ্নিকাণ্ডের শিকার কক্ষটিতে মূলত বিভিন্ন উপজেলার আইসিটি বিভাগের সার্ভার সংরক্ষিত ছিল। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে। ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করতে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন তিনি। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের পরই বিস্তারিত জানা যাবে।
