পাঠ্যবই ছাপার কাগজ ক্রয়ে সিন্ডিকেটের কারসাজি: মিলেমিশে ৫৫ কোটি টাকা লুটের অভিযোগ
কয়রার খবর,কয়রা,খুলনা
প্রকাশঃ Sunday, November 8, 2026,
বিশেষ প্রতিবেদক : আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই ছাপানোর কাগজ অনুমোদন ও ক্রয় প্রক্রিয়ায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মানসম্মত কাগজ সরবরাহে নানা জটিলতা তৈরি করে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে ওই সিন্ডিকেটটি হাতিয়ে নিয়েছে প্রায় ৫৫ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রতি বছর নতুন শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবই ছাপাতে প্রায় ৮০ হাজার টন কাগজের প্রয়োজন হয়। অভিযোগ রয়েছে, একটি বিশেষ চক্র সিন্ডিকেটের মাধ্যমে কাগজ সরবরাহের প্রক্রিয়াকে কুক্ষিগত করে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা চালায়। বর্তমান বাজারদরে প্রতি টন কাগজের দাম যেখানে প্রায় ১ লাখ ৩ হাজার টাকা, সেখানে প্রেসের মালিকদের বাধ্য করা হয় প্রতি টন ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধ করতে। এর ফলে পুরো প্রক্রিয়ায় অতিরিক্ত প্রায় ৫৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে মুদ্রণ খাতের ওপর।
এদিকে অনেক ছাপাখানার মালিকদের উৎপাদিত কাগজ সব মানদণ্ড পূরণ করা সত্ত্বেও এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) থেকে অনুমোদন প্রদানে কালক্ষেপণ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের 'ফ্রেশ পেপার'-সহ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন প্রিন্টিং মালিক বিষয়টি সরাসরি শিক্ষামন্ত্রীর নজরে আনেন। মন্ত্রীর তাৎক্ষণিক এবং কঠোর হস্তক্ষেপে এনসিটিবি কর্মকর্তাদের উপযুক্ত নির্দেশনা প্রদান করা হলে আটকে থাকা মানসম্মত কাগজগুলোর অনুমোদন দ্রুত নিশ্চিত হয়, যা সিন্ডিকেটের কারসাজিকে অনেকাংশে দুর্বল করে দেয়।
অপরদিকে, কাগজ কেলেঙ্কারির এই সমস্ত জটিলতা ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে তৎপর রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক স্তরের এবং ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে। চলতি বছর প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সারা দেশে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার কোটি।
এনসিটিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বই সরবরাহের কাজ শতভাগ সম্পন্ন করার টার্গেট রয়েছে। ইতোমধ্যে প্রাক-প্রাথমিক স্তরের সব এবং অন্যান্য প্রাথমিক স্তরের ছাপার কাজ প্রায় শেষের পথে। মুদ্রণ কাজের মান ও গতি রক্ষায় শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির যৌথ উদ্যোগে ৫৩টি মনিটরিং টিম মাঠে কাজ করছে। পাশাপাশি যেসব প্রেসে কাজের গতি কিছুটা শ্লথ রয়েছে, তাদের সতর্ক করে ইতোমধ্যে ৩২টি তাগিদপত্রও পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, সকল সিন্ডিকেট ও অনিয়মকে ছাপিয়ে এবারও নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।
জাতীয় থেকে আরও পড়ুন
এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন
0:00 / 0:00
আরও পড়ুন
লোড হচ্ছে...
সর্বশেষ
লোড হচ্ছে...
সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
কুকি ও গোপনীয়তা
আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করতে আমরা কুকি ব্যবহার করি। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি আমাদের কুকি ব্যবহারে সম্মতি দিচ্ছেন।
