কয়রার খবর
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

৫০৪টি এ৪ কাগজ জোড়া দিয়ে মেসির বিশাল প্রতিকৃতি, গিনেস বুকের স্বপ্ন খুলনার নয়নের

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খেলাধুলা ডেস্ক | কয়রার খবর

বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে চলছে প্রিয় দলকে ঘিরে নানা আয়োজন, ঠিক তখনই ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন খুলনার এক তরুণ সমর্থক। কোনো ডিজিটাল প্রিন্ট বা রেডিমেড ব্যানার নয়, সম্পূর্ণ নিজের ক্যানভাসে একে একে ৫০৪টি এ৪ (A4) সাইজের কাগজ জোড়া দিয়ে তিনি এঁকেছেন লিওনেল মেসির এক বিশাল প্রতিকৃতি। ব্যতিক্রমী ও চোখধাঁধানো এই চিত্রকর্মটি দেখতে এখন খুলনার শহীদ হাদিস পার্কে ভিড় জমাচ্ছেন শত শত ফুটবলপ্রেমী।

ব্যতিক্রমী এই কীর্তি গড়ে খবরের শিরোনামে আসা এই তরুণের নাম নয়ন মন্ডল। তিনি খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।

করোনাকালীন লকডাউনের অলস সময়ে মূলত তার আর্ট শেখার হাতেখড়ি হয়। সেই থেকে বড় কিছু করার স্বপ্ন বুকে চেপে এক মাসেরও বেশি সময় ধরে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেন তিনি। অ্যাক্রিলিক রঙের সাহায্যে ছোট ছোট ৫০৪টি এ৪ কাগজে মেসির ছবির বিভিন্ন অংশ আঁকেন এবং পরে স্কচটেপ দিয়ে নিখুঁতভাবে সেগুলো একসঙ্গে জোড়া লাগান। যার চূড়ান্ত রূপ দাঁড়ায় ২১ ফুট দৈর্ঘ্য ও ১৭ ফুট প্রস্থের এক বিশাল ক্যানভাসে। নয়নের দাবি অনুযায়ী, কাগজে হাতে আঁকা এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় মেসির প্রতিকৃতি।

ছবিটি মূলত ২০২৫ সালেই সম্পন্ন করে রেখেছিলেন নয়ন। তবে তার পরিকল্পনা ছিল ২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরে। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার টানা জয়ে যখন সমর্থকরা উল্লাসে ভাসছেন, ঠিক তখনই রোববার সকালে আর্জেন্টিনা বনাম পেরু ম্যাচ শুরুর আগে খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে এই বিশাল ছবিটি প্রদর্শন করা হয়।

বিশাল এই প্রতিকৃতি দেখতে সকাল থেকেই হাদিস পার্কে ভিড় জমান সাধারণ দর্শক থেকে শুরু করে ফুটবল ভক্তরা। অনেকেই প্রিয় তারকার এই বিশাল ছবির সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন এবং নয়নের এই অসাধারণ প্রতিভার প্রশংসা করেন। প্রদর্শনী দেখতে আসা দর্শকরা জানান, প্রিয় তারকার প্রতি এমন নিখাদ ভালোবাসা ও পরিশ্রম সত্যিই মুগ্ধ করার মতো।

বন্ধুদের অনুপ্রেরণা আর মেসির প্রতি অগাধ ভালোবাসা থেকেই এই উদ্যোগ। তবে নয়নের স্বপ্ন এখানেই শেষ নয়। তিনি কয়রার খবর কে জানান, "আমি চাই সংবাদমাধ্যমের মাধ্যমে আমার এই ভালোবাসার কথা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাক। স্বয়ং লিওনেল মেসি যেন জানতে পারেন যে বাংলাদেশে তার এমন একজন পাগলা ভক্ত আছে। উনি এই ছবিটা দেখলেই আমার স্বপ্ন সার্থক হবে।"

এর পাশাপাশি ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় ছবি এঁকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) বাংলাদেশের নাম লেখানোর বড় স্বপ্নও দেখছেন খুলনার এই তরুণ শিল্পী।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন